রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
চলতি শিক্ষাবর্ষে রাবির নয়টি অনুষদের ৪৯টি বিভাগে ৩ হাজার ৩৬০টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৪ লাখ দুই হাজার ৮৪৫টি। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২০ জন শিক্ষার্থী।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচিসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd-এ এবং সংশ্লিষ্ট বিভাগে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব নির্ধারিত সাড়ে ৩টার সকল পরীক্ষা ৪টায় অনুষ্ঠিত হবে। আইন ও বিচার বিভাগের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত ১৮ অক্টোবর বেলা ১টার পরিবর্তে ওইদিন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের অ-বাণিজ্য গ্র"পের এবং আইন ও বিচার বিভাগের একাংশের ভর্তি পরীক্ষা নির্ধারিত দিনে মূল ক্যাম্পাসের বাইরে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হবে।
প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগসমূহের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এবার সবেচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। এ বিভাগে ২০টি আসনের বিপরীতে ৭ হাজার ৬১৩টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৮০ জন শিক্ষার্থী।
দ্বিতীয় স্থানে থাকা ফার্মেসি বিভাগে ৪০টি আসনের বিপরীতে ১৫ হাজার আবেদনপত্র জমা পড়ে। এখানে প্রতি আসনে ৩৭৫ জন ভর্তিচ্ছু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
তৃতীয় অবস্থানে রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এখানে ৪৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৫০টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৯০ জন শিক্ষার্থী।
সবচেয়ে কম ৭৮৪টি আবেদনপত্র পড়েছে চারুকলা বিভাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24