২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার 'সুযোগে' শিবির বাড়ছে চবিতে

রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে ব্যবহার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে আবারও একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নানা ধরনের সভাও করছে তারা। ক্রিয়াশীল অন্য ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, নিষেধাজ্ঞা জিইয়ে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যত ছাত্র শিবিরকেই প্রশ্রয় দিচ্ছে। আল আমীন দেওয়ানের প্রতিবেদনে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 07:57 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

আল-আমীন দেওয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে আবারও একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। চলতি বছরের ১২ মার্চ এক মাসের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরে তা বাড়িয়ে অনির্দিষ্টকাল করা হয়। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাদের অভিযোগ, নিষেধাজ্ঞা জিইয়ে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যত ইসলামী ছাত্র শিবিরকেই প্রশ্রয় দিচ্ছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্র শিবিরের কার্যক্রমে ভাটা পড়ে। বর্তমান সরকার আসার পর ছাত্রলীগ শিবিরকে কোনঠাসা করতে শুরু করে। তবে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে নিয়ে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন অভিযোগ স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এরা নিয়মের ফাঁকফোকর দিয়ে প্রশাসনের ভালো মনোভাবের সুযোগ নিচ্ছে। সেটাই এদের জন্য শেল্টার হয়ে দাঁড়িয়েছে।" তিনি আরও বলেন, "ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ছাত্র শিবির যে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে ওই তথ্য আমাদের কাছে রয়েছে।" ছাত্র শিবিরের নেতা-কর্মীদের 'ধুরন্ধর' আখ্যায়িত করে অধ্যাপক আলাউদ্দিন বলেন, "সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। তবে বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। তারা খুবই ধুরন্ধর।" ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। তারা মাঝে-মধ্যে কোন কর্মসূচি হাতে নিলেও বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারসহ নানা শাস্তির খড়গ নেমে আসছে বলে ওই সংগঠনগুলোর নেতারা অভিযোগ করেছেন। ঈদুল ফিতর ও দুর্গাপূজার দীর্ঘ একমাসের ছুটির পর ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার দিনে ক্যাম্পাসে ছয়টি আবাসিক হলে ছাত্র শিবির এক যোগে তাদের কর্মিসভা করে। আর ওই দিনেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নোটিশ ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল, মানবন্ধন ও র‌্যালিসহ সব কর্মসূচির ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশ দেয়। ওদিকে গত ২৫ আগস্ট '২১ আগস্ট গ্রেনেড হামলা'র প্রতিবাদে ছাত্রলীগের মৌনমিছিলে প্রশাসনের বাধার প্রতিবাদ করতে গিয়ে বহিস্কৃত হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চারজন নেতাকর্মী। অথচ ওই দিনেই হলগুলোতে শিবির তাদের নেতাদের নিয়ে সাথীসভা করে। ছাত্রশিবিরের একটি অনুষদ শাখার সভাপতি নাম প্রকাশ না করার শর্তে জানান, নিষেধাজ্ঞার এই আট মাসে ছাত্রশিবির ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শাখা উপ-শাখাসহ এক হাজারের বেশি সভা ও সাংগঠনিক তৎপরতা চালিয়েছে। এটা সংগঠনটির রুটিন কাজ। এর বাইরেও নতুন ভতিচ্ছু শিক্ষার্থীদের নিজেদের দলে টানতে হল ও অনুষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি নিয়েছে তারা। রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার সুফল যে ছাত্র শিবির পাচ্ছে, তা স্পষ্ট হয়েছে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জাকির হোসেনের বক্তব্যেই। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়ম মেনেই কর্মকাণ্ড চালাচ্ছি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না করায় আমাদের কিছু যায় আসে না। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে শিক্ষার পরিবেশ নষ্ট হতে পারে।" বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবুল মনসুর জামসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে গণতন্ত্র চালু হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো জরুরি অবস্থা চলছে। এখানে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।" ছাত্র শিবির নিষেধাজ্ঞার সুযোগ নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "এর ফলে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। প্রশাসনের এসব কর্মকাণ্ডে মনে হচ্ছে জামায়াতই এখন ক্ষমতায়। তাদের এই দ্বৈত নীতির দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই।" বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে শিবিরের দখলদারিত্ব পাকাপোক্ত করার ব্যবস্থা করেছে প্রশাসন। আমাদের সংবাদ সম্মেলন না করতে দিলেও শিবির সব কিছুই করছে।" একই কথা বললেন চবি ছাত্রফ্রন্ট সভাপতি প্রণবেশ চক্রবর্তীও। ক্যাম্পাসে ছাত্র শিবিরের আধিপত্যের কথা স্বীকার করে উপ-উপাচার্য আলাউদ্দিন বলেন, "বরাবরের মত ক্যাম্পাসে এখনও ব্যাপক আধিপত্য রয়েছে ছাত্র শিবিরের। এখানে রাজনৈতিকভাবে এদের মোকাবেলা করার ক্ষমতা অন্য ছাত্র সংগঠনগুলোর নেই।" ছাত্র সংগঠনগুলোর অধিকার বিষয়ে তিনি বলেন, "আমরা ছাত্র রাজনীতি বন্ধ করতে চাই না। তবে সংগঠনগুলো সবসময় কোন্দলে ব্যস্ত থাকায় শিক্ষার পরিবেশ নষ্ট হয়। তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্র"তি দিলে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএনএস/এসএইচ/১৩৪৫ ঘ.