চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়ায় চট্টগ্রাম নার্সিং ইন্সটিটিউটে সোমবার বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল লাগোয়া ইন্সটিটিউটের নতুন ও পুরাতন ব্যাচের ১১০ জন শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভকারীরা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফরিদুজ্জামানের কাছে ১১ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেয়।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফরিদুজ্জামানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নার্সিং ইন্সটিটিউটে নতুন করে বিএসসি কোর্স চালু হলেও তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নার্সিং অর্ডিন্যান্স হিসেবে পাস হয়নি। এ কারণে ঢাকা, বরিশাল ও রাজশাহীর তিনটি ইন্সটিটিউটে সংশ্লিষ্ট ব্যাচের পরীক্ষা হলেও চট্টগ্রামে এখনও না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।"
পরিচালক আরও জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও চমেক অধ্যক্ষ অধ্যাপক গোফরানুল হক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন এবং আগামী দশ দিনের মধ্যে অর্ডিন্যান্স পাসের আশ্বাস দিয়েছেন। এর প্রেক্ষিতে শিক্ষার্থী নার্সরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২১১৫ ঘ.
bdnews24