নোয়াখালী, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠানের মধ্যদিয়ে শনিবার নোয়াখালী মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছে। নোয়াখালী জোনারেল হাসপাতালে অস্থায়ী ক্যাম্পাসে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হল।
নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম সাইফুল ইসলাম জানান, প্রথম বর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র"য়ারির মধ্যে আরও ১৪ জনকে ভর্তি করার কথা রয়েছে।
মেধা তালিকা অনুযায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জোনারেল হাসপাতালের তত্ত্বধায়ক ডা. ফরিদ উদ্দিন, সিভিল সার্জন ডা. একেএম কামাল উদ্দিন, নোয়াখালী মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ এএফএম সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ ডা. সানাউল্যাহ মিয়া, প্রথম বর্ষের শিক্ষার্থী আরশি আক্তার ও নাহিদ হাসান।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের ২৬ একর ভূমিতে নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ২৮ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণে ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে।"
এ মাসেই নির্মাণকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24