২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির প্রক্টরিয়াল বডির পদত্যাগ

আটক বহিরাগতদের ছেড়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নয় সহকারী প্রক্টর একযোগে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে রেজিস্ট্রারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। আগের দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা ২৪ ঘন্টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করার আল্টিমেটাম দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আটক বহিরাগতদের ছেড়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নয় সহকারী প্রক্টর একযোগে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে রেজিস্ট্রারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। আগের দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা ২৪ ঘন্টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করার আল্টিমেটাম দেন। বহিরাগতদের নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা ওই দিন ক্যাম্পাসে মিছিল করলে পুলিশ পাঁচজনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা সহকারী প্রক্টর আরিফুল ইসলামের সঙ্গে দেখা করেন এবং বহিরাগতদের সঙ্গে প্রক্টরের আাঁতাতের অভিযোগ আনে। তারা প্রক্টরকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেধে দেন। পদত্যাগকারীরা হলেন- প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক এবং সহাকারী প্রক্টর আশিয়ারা খাতুন, আব্দুল হক, মাহবুবুল ইসলাম, মোহাম্মদ আলী, আরিফুল হাসান, আরিফুল ইসলাম, আজিজুর রহমান, আব্দুল ওহাব ও আশরাফুল হক। প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন সম্ভব নয়- উল্লেখ করে আমরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছি।" ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাফি পদত্যাগপত্র গ্রহণের সত্যতা স্বীকার করেছেন। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত বলেন, "কেউ স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে আমার কিছু বলা নেই।" গত ১৭ জানুয়ারি রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তে ২২ দফা নীতিমালা প্রণয়ন করা হয়। ওই নীতিমালায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বহিরাগতদের প্রশ্রয় দেওয়া যাবে না। নীতিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৫ ঘ.