ঢাকা জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পরীক্ষা পেছানো এবং রুটিন পরিবর্তনের দাবিতে তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা শনিবার সকালে প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে।
শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে আগামী ১১ ফেব্র"য়ারি থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর রুটিন দেওয়া হয়। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা পেছানো এবং পরীক্ষার মধ্যে কয়েকদিন করে বিরতি দিয়ে রুটিন পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ এসব দাবি না মানায় ৪/৫'শ শিক্ষার্থী শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে জড়ো হয় এবং বিক্ষোভ মিছিল করে। তারা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচীর নামে মূল সড়কে এসে অবস্থান নেয়। ফলে মহাখালি সাতরাস্তা সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,পরে কলেজ অধ্যক্ষ এসে কারিগরি বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে ছাত্রদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সাড়ে ১১টার দিকে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৫৩২ঘ.
bdnews24