জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো অবৈধ দখলমুক্ত করতে শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। (আরো তথ্যসহ-২)
দাবি আদায়ে তারা বঙ্গভবন ঘেরাও পরিকল্পনাসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
বিক্ষোভ চলাকালে উপাচার্যকে প্রায় দুই ঘণ্টা তার কক্ষে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ১২ টি ছাত্রাবাস 'অবৈধ দখলমুক্ত' করার দাবিতে শনিবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী।
সাড়ে ১০টায় তারা উপাচার্য আবু হোসেন সিদ্দিককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে। প্রক্টর কাজী আসাদ দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে ছাত্রদের 'সব ধরনের সহযোগিতার' আশ্বাস দেন।
এরপর অবরোধ তুলে নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের কাছে সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে 'হল উদ্ধার' আন্দোলন কমিটির আহবায়ক জাফরুল ইসলাম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রভাবশালী মহল দখল করে রেখেছে। আমরা আগামী সোমবার পর্যন্ত প্রশাসনকে সময় দিচ্ছি। দাবি মানা না হলে মঙ্গলবার জগন্নাথ থেকে মিছিল সহকারে বঙ্গভবন ঘেরাও করা হবে।"
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/১৬০০ঘ.
bdnews24