ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৮ - ০৯ শিক্ষাবর্ষে সাতটি বিষয়ে ভর্তির ব্যাপারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হাইকোর্ট বাংলা, ইংরেজীসহ সাতটি বিষয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তিতে শর্তারোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মঙ্গলবার।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের জানান, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগগুলো ভর্তির ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে। সে অনুযায়ীই 'খ' ও 'ঘ' ইউনিটের অধীনে সাতটি বিভাগ এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তিনি জানান, স্বায়ত্তশাসন নিশ্চিতের জন্য উচ্চ আদালতে এ ব্যাপারে সামনের সপ্তাহেই আপিল করা হবে। সংশ্লিষ্ট ইউনিটের ডিনরা ইউনিট দু'টির মৌখিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেবেন।
২০০৮-০৯ শিক্ষাবর্ষে 'খ' ও 'ঘ' ইউনিটে সাতটি বিষয়ে ভর্তির ক্ষেত্রে বাংলায় ও ইংরোজি বিষয়ে দুইশত নম্বরের ওপর যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা দেয়নি তারা অংশ নিতে পারবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে শর্ত দেওয়া হয়েছিল।
বিষয় সাতটি হল, বাংলা, ইংরেজী, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাতত্ত্ব এবং জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/২১৪১ ঘ.
bdnews24