ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বনানীতে বৃহস্পতিবার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
সকাল থেকে চলা উত্তেজনা দুপুরের দিকে সংঘর্ষে রূপ নেয় এবং প্রায় দুই ঘন্টা ধরে চলে। এতে মহাখালীসহ আশে পাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে বনানীর এআইইউবি'এর (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব বাংলাদেশ) এক ছাত্রীকে নিয়ে সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার ক্যাম্পাসে নিয়ে এলে নিরাপত্তাকর্মীরা ওই ছাত্রীকে ঢুকতে বাধা দেয়। এনিয়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথাকাটাকাটি হাতাহাতি পর্যন্ত গড়ায়।
বৃহস্পতিবার সকালে সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র প্রয়োজনীয় কাজে এআইইউবিতে গেলে সেখানে বুধবারের ঘটনার রেশ ধরে এআইইউবি'র কয়েকজন ছাত্রের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি সুরাহা করার জন্য সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এআইইউবিতে যান। তাদের সঙ্গে আলোচনার করার সময় সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ে গুজবের ডালপালা ছড়িয়ে পড়ে যে তাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের আটকিয়ে রেখে মারধর করা হচ্ছে। এমন অবস্থায় সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লাঠি সোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। খবর পেয়ে এআইইউবি শিক্ষার্থীরাও লাঠি নিয়ে রাস্তায় নামে।
বেলা দেড়টার দিকে দুই পক্ষের মধ্যে বনানী ১৮ সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ'এর ঘটনা শুরু হয়। সংঘর্ষ কাকলী ক্রসিং, কামাল আতার্তুক এভিনিউ এলাকায় ছাড়িয়ে পড়ে। এসময় পুলিশের একটি মটরসাইকেলসহ ৮/১০টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া র্যাবের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় ভবনেরও কয়েকটি কাঁচ ভাঙচুর হয়। এসময় আশেপাশের সড়ক দিয়ে যানচলাচল, দোকানপাট, অফিস বন্ধ হয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন জানান, পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে বুঝিয়ে বেলা সোয়া তিনটার দিকে পরিস্থিতি নিযন্ত্রনে আনে। তবে তিনি দাবি করেন, উত্তেজনা থাকলেও রাস্তা প্রায় ১৫/২০ মিনিটের মতো বন্ধ ছিল।
তিনি জানান,ঘটনার জন্য দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তবে তাদের কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/২০৩৩ ঘ.
bdnews24