ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন হল প্রাধ্যক্ষ এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে তার সঙ্গে 'ঔদ্ধত্যপূর্ণ' আচরণের অভিযোগ করেছেন। উপাচার্যের কাছে এ ব্যাপারে 'প্রয়োজনীয় ব্যবস্থা' গ্রহণের জন্য আবেদনও করেছেন প্রাধ্যক্ষ।
বুধবার বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অপর্ণা পালের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
অপর্ণা পাল ছাত্রলীগের আরো কয়েকজন নেত্রীসহ মঙ্গলবার বিকালে ফজিলাতুন্নেছা হলে প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান।
প্রাধ্যক্ষ অধ্যাপক জিন্নাত আরা নাজনীন সাংবাদিকদের বলেন, অপর্ণা পাল ও কয়েকজন নেত্রী সৌজন্য সাক্ষাতের কথা বলে দেখা করতে গিয়ে তার সঙ্গে 'অসংযত আচরণ' করেন।
প্রাধ্যক্ষ জানান, ছাত্র নেত্রীরা তার সঙ্গে ওই হলের সমস্যার ব্যাপারে কথা বলেন। তিনি এসময় মন্তব্য করেন, অপর্ণা পাল বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাক্তন ছাত্রী বলে এটি আদৌ তাদের বিষয় হওয়ার কথা নয়।
প্রাধ্যক্ষ অভিযোগ করেন, অপর্ণা পাল তার সময়সীমা আর অল্প কয়েকদিন আছে বলে শাসিয়ে যান। পূর্ব নির্ধারিত সময়ের আগেও তাকে প্রাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়।
অধ্যাপক জিন্নাত আরা নাজনীন জানান, এ ব্যাপারে তিনি ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য বরাবর আবেদন করেছেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা করা হবে।
অন্যদিকে ছাত্রলীগ নেত্রী অপর্ণা পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রাধ্যক্ষের সঙ্গে শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্যই গিয়েছেন। তিনি তার কার্যকালের সময়সীমা নিয়ে কোনো কথা বলেননি।
অপর্ণা বলেন, "সংগঠনের জন্য ছাত্রী হলের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখেই প্রাধ্যক্ষের সাথে দেখা করতে গিয়েছি। তার সাথে কোনোরকম খারাপ ব্যবহার করিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২১৯ঘ.
bdnews24