চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটি এবং শিক্ষকদের দুটি সংগঠন- শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সমাজ। তারা উপাচার্যকে সহযোগিতা করা থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ছাত্র লীগ অবরোধ তুলে নেওয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেকটা স্বাভাবিক হয়ে আসে। শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। অধিকাংশ বিভাগে ক্লাশ ও পরীক্ষা হয়েছে।
উপাচার্য এম বদিউল আলমের পদত্যাগের দাবিতে গত শনি ও রোববার বিশ্ববিদ্যালয় অবরোধ করে রেখেছিল ছাত্রলীগ।
উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের অবস্থানের ব্যাপারে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ডিনরা এখন উপাচার্যকে কোন কাজে সহযোগিতা করছেন না। তার বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।"
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা বলেন, "আমরা বর্তমান প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে সরকারকে ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছি।" মঙ্গলবার বিকেলে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক নুরুল আনোয়ার বলেন, "প্রগতিশীল জোটের স্ট্যান্ডিং কমিটির সভায় উপাচার্যের নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তাকে অসহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি জানান, তারা অবিলম্বে উপাচার্যের পদত্যাগও দাবি করেছেন।
উপাচার্য বদিউল আলম বুধবার কিন্তু দ্বিতীয় দিনের মত নিজ দপ্তরে আসেননি। আগের দিন ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয় থেকে সব কর্মকর্তা ও কর্মচারীকে বের করে দিয়ে টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিল।
ছাত্রলীগ উপজেলা নির্বাচনের কারণে বৃহস্পতিবার কোন কর্মসূচি পালন না করার ঘোষণা দিয়ে বলেছে, তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার মধ্যে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ব্যাপারে নতুন নিয়োগ পাওয়া প্রক্টর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক। প্রশাসনিক কাজকর্মেও গতি ফিরে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএইচবি/২২২১ ঘ.
bdnews24