জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশ্ববিদ্যালয়ের অশান্ত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ছাত্রলীগের বিবদমান দুই গ্র"পের সঙ্গে বৈঠক করেছে প্রক্টররিয়াল বডি।
হল দখলকে কেন্দ্র করে গত শুক্রবার ছাত্রদল ও ছাত্রলীগের 'বিদ্রোহী অংশের' সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কার্যক্রম কেন্দ্রীয় কমিটি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করে।
ক্যাম্পাসের পরিস্থিতির উন্নয়নে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে কলা অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক মো. নাসিরউদ্দিনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকের ব্যাপারে প্রক্টর অধ্যাপক মো: নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'কে বলেন, "বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আর কোনো বিভক্তি আছে বলে আমি মনে করি না, আশাকরি দুএকদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হয়ে যাবে।"
জাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'কে বলেন, "শিক্ষকরা তাদেরকে (আজিবুর-অয়ন) ডেকে আমাদের সঙ্গে একত্রে কাজ করতে বলেছে, তারা তাতে রাজি হয়েছে। আমরা তাদের নিয়ে কাজ করতে চাই।"
তিনি বলেন, "ছাত্রদলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না বলে তাদের (আজিবুর-অয়ন) বলে দিয়েছি। অবশ্য এ বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলেনি।"
ছাত্রলীগের বিদ্রোহী অংশের নেতা হিসেবে পরিচিত আজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাস পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য প্রক্টর আমাদের ডেকেছিলেন। আমরা বলেছি- কোনো ধরনের বিশৃঙ্খলা করিনি এবং করতে চাই না। যারা করেছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন।"
সভায় উপস্থিত ছিলেন- সহকারী প্রক্টর যথাক্রমে রসায়ন বিভাগের অধ্যাপক মো.আরজু মিয়া, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কে এম মহিউদ্দিন, ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি, ছাত্রলীগের বিদ্রোহী অংশের আজিবুর রহমান ও আদনান ভুঁইয়া অয়ন (এদের দুজনের কমিটিতে কোনো পদ নেই)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/০১২০ঘ.
bdnews24