রাজশাহী, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থগিতকৃত পরীক্ষা আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
এসব পরীক্ষা গত ১২ জানুয়ারি শুরু হওয়া কথা ছিল। কিন্তু ৮ জানুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
মঙ্গলবার রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক রিভিউ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ থেকে পরীক্ষার সময়সূচি জেনে নেওয়ার জন্য বলা হয়েছে।
সভায় রুয়েটের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্রকল্যাণ উপদেষ্টা, রেজিষ্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৭ ঘ.
bdnews24