ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটে বাংলা, ইংরেজীসহ সাতটি বিষয়ে ভর্তিতে শর্তারোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ টি বিষয়ে ভর্তিতে শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
রায়ের পর রিটকারীদের কৌঁসুলি জামায়াত ইসলামী নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "২০ বছর আগে থেকে মাদ্রাসা ছাত্রদের ভর্তির সুযোগ ছিল। এবার ভর্তিতে বাংলা ও ইংরেজীতে ২০০ করে নম্বর থাকার শর্ত আরোপ করা হয়েছে। হাইকোর্ট এই শর্তারোপকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে। কারণ এই শর্তারোপ আইনের শাসন ও মৌলিক অধিকার পরিপন্থি ছিল।"
তিনি জানান, হাইকোর্টের এই রায়ের ফলে মাদ্রাসা ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সাত বিভাগে ভর্তির সুযোগ পাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপিল দায়ের করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আদালতের রায়ের কপির অপেক্ষায় আছি। রায় হাতে পাওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীসহ সংশ্লিস্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বায়ত্ত্বশাসন যাতে কোনাভাবেই ক্ষুন্ন না হয় সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করা হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটে বাংলা, ইংরেজীসহ সাতটি বিষয়ে ভর্তিতে শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম খলিলসহ আলিম পাস ৫ ছাত্রের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ২৬ অক্টোবর হাইকোর্ট রুলনিশি জারি করে।
এরপর গত বছর ২ ডিসেম্বর হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটে বাংলা, ইংরেজীসহ সাতটি বিষয়ে ভর্তির প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ে ভর্তির জন্য বাংলায় দুইশত ও ইংরেজীতে দুইশত নম্বরের ওপর যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা দেয়নি তারা অংশ নিতে পারবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে শর্ত দেওয়া হয়েছিল। এই সাতটি বিষয় হল, বাংলা, ইংরেজী, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাতত্ত্ব এবং জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৬১২ ঘ.
bdnews24