চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা খুলে দেওয়ার পর সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সচল হয়।
তবে কথিত বিএনপিপন্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগ তাদের আন্দোলন কর্মসূচী অব্যাহত রেখেছে।
ছাত্রলীগ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে ক্যাম্পাস অবরুদ্ধ করে দিয়েছিল।
তবে সোমবার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি। প্রশাসনিক কার্যক্রমও চলেছে ধীর গতিতে।
বিশ্ববিদ্যালয় সচল রাখার সরকারি নির্দেশের কারণে গোটা ক্যাম্পাস অবরুদ্ধ করে অবরোধ কর্মসূচীর পরিবর্তে উপাচার্যের বাসভবন ঘেরাও, তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহসহ বিভিন্ন কর্মসূচী ও প্রতীকি অবরোধ অব্যাহত রাখছে ছাত্রলীগ।
সোমবার দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ের সামনে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। এসময় উপাচার্য তার কার্যালয়ে প্রবেশ করলে ছাত্রলীগ নেতা কর্মীরা তার কুশপুত্তলিকা দাহ করে। দুপুর ২টা পর্যন্ত তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।
উপাচার্য দুপুর ২টার পর বাসায় ফিরলে বিকাল ৩টা পর্যন্ত ছাত্রলীগ কর্মীরা তার বাসভবন ঘেরাও করে রাখে এবং বিক্ষোভ মিছিল করে।
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি নির্দেশে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা খুলেছে। আমরা আমাদের অবরোধ কর্মসূচী প্রত্যাহার করিনি।"
এরশাদ হোসেন জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এদিকে কথিত নিয়োগ-দূর্নীতির অভিযোগে চবি উপাচার্যের অপসারণ দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
উপাচার্য অধ্যাপক ড. বদিউল আলম পাল্টা অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বার্থান্বেষী কিছু শিক্ষক ও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিশ্ববিদ্যালয় অচল করার ষড়যন্ত্র করছে।"
নিয়োগ দূনীর্তি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, "কোন ধরণের নিয়োগ দূর্নীতি বা অনিয়ম প্রমাণ করতে পারলে সঙ্গে সঙ্গেই পদত্যাগ করব। কোন আন্দোলনের প্রয়োজন হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসকে/১৮২৫ঘ.
bdnews24