২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের অবরোধ অব্যাহত: তালা ভেঙে ক্যাম্পাস সচলের উদ্যোগ

উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ রয়েছে। রোববার অবরোধের দ্বিতীয় দিন ক্ষমতাসীন দলের সমর্থক এ ছাত্র সংগঠনটির নেতারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ রয়েছে। রোববার অবরোধের দ্বিতীয় দিন ক্ষমতাসীন দলের সমর্থক এ ছাত্র সংগঠনটির নেতারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদিউল আলম ছাত্রলীগের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের দাবির মুখে পদত্যাগ না করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সোমবার থেকে বিশ্ববিদ্যালয় সচল রাখতে ছাত্রলীগের ঝুলিয়ে দেওয়া সব তালা ভেঙে ফেলা হবে। রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ছাত্রলীগের ছেলেদের দাবি অযৌক্তিক। তারা একজন উপাচার্যের পদত্যাগের বিষয়ে কোন দাবি তোলার বা সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখে না। তাই তাদের দাবির মুখে পদত্যাগের প্রশ্নই ওঠে না।" বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ে রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে কথা বলেছেন- এ কথা উল্লেখ করে উপাচার্য বলেন, "শিক্ষামন্ত্রী পদত্যাগের বিষয়ে আমাকে কোন নির্দেশনা দেননি এবং নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন।" বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার শিগগিরই ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। সন্ধ্যায় উপাচার্য বলেন, "পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় চালু রাখতে সব তালা ভেঙে ফেলা হবে।" তিনি জানান, "প্রক্ট্ররিয়াল বডি পুলিশ প্রশাসনের সহায়তায় রোববার রাতেই ক্যাম্পাসের মূল ফটকসহ সকল অনুষদ ও একাডেমিক ভবনে ছাত্রলীগের ছেলেরা যেসব তালা মেরেছে সেগুলো ভেঙে ফেলা হবে। সোমবার থেকে ক্যাম্পাসে ক্লাশসহ সকল শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।" ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। উপাচার্য বদিউল আলম ২০০৬ সালের ফেব্র"য়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাসান কটেজ নামের ছাত্রাবাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দেয় ইসলাম ছাত্র শিবির। এ ঘটনায় প্রশাসন কোন ব্যবস্থা নিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ এনে ছাত্রলীগের নেতা-কর্মীরা শনিবার সকাল থেকে মূল ফটক ও বিশবিদ্যালয়ের সকল ভবনে তালা ঝুলিয়ে দেয়। ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ দাবি করে তার বাসায় অবরুদ্ধ করে রাখে। শনিবার সন্ধ্যার পরে উপাচার্যের বাসা থেকে অবরোধ তুলে নিলেও ক্যাম্পাস থেকে অবরোধ তুলে নেয়নি ছাত্রলীগ। তারা রেজিস্টারকেও তার কার্যালয়ে কয়েক ঘন্টা আটকে রাখে। পুলিশ গিয়ে পরে রেজিস্টারকে উদ্ধার করে। রোববার সকাল থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা স্টেশন চত্বরে অবস্থান নেয়। উপাচার্যের পদত্যাগ দাবিতে তারা সেখানে মিছিল সমাবেশ করে। তাদের বাধার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা খোলার উদ্যোগ নেয়নি। কোন ক্লাশ ও পরীক্ষা হয়নি। শহর থেকে ক্যাম্পাসমূখী শাটল ট্রেন যথারীতি চলাচল করলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। মূল ফটক বন্ধ থাকায় ক্যাম্পাস থেকে শহরমুখী কোন শিক্ষক বাস চলাচল করতে পারেনি। প্রক্টরিয়াল বডির সমন্বয়ক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ দুপুর দেড়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের বাধার কারণে ক্যাম্পাস এখনও অচল। কোন ক্লাশ ও পরীক্ষা হয়নি। তবে দুপুর পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশদের ধৈর্য্য ধারণ করতে বলা হয়েছে। সন্ধ্যায় মঞ্জুর মোর্শেদ বলেন, "জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা 'উপরের নির্দেশে' বিশ্ববিদ্যালয় সচল করার ক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহায়তা করছে।" চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় চালুর ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।" ক্যাম্পাসে বর্তমানে ছয় প্লাটুনের বেশি পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, "পুলিশের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের কথা বলা হয়েছে। এ বিষয়ে আমরা সোমবার সকাল ১০টার মধ্যে সিদ্ধান্ত নেব বলে তাদের জানিয়েছি।" তবে রাতের মধ্যে কর্তৃপক্ষের তালা ভাঙার উদ্যোগ নিলে তাদের কর্মসূচি কী হবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। এর আগে দুপুর ১২টায় এরশাদ হোসেন বলেন, "ছাত্রলীগ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখা হবে।" তিনি উপাচার্যকে বিএনপি-জামায়াতপন্থী বলে আখ্যায়িত করে আবারও তার পদত্যাগ দাবি করেন। এরশাদ অভিযোগ করেন, হল ও কটেজগুলোতে শিক্ষার্থীদের সহবস্থান এবং ছাত্রলীগের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন উপাচার্য। শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ, আটক চার নেতা-কর্মীর মুক্তি, নেতা-কর্মীদের বিরুদ্ধে জরুরি আইনে করা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এজে/এমএসবি/২১১৮ ঘ.