২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি: আল্টিমেটাম রেখে অবরোধ তুলে নিয়েছে ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম বহাল রেখে তার বাসভবন থেকে অবরোধ তুলে নিয়েছে ছাত্রলীগ। (আরো তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম বহাল রেখে তার বাসভবন থেকে অবরোধ তুলে নিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত তিন ঘণ্টা উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখে। সন্ধ্যায় অবরোধ তুলে নিলেও তার পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। তবে ক্যাম্পাসের মূল ফটক, রেজিস্ট্রার বিল্ডিংসহ অন্যান্য স্থানে ক্ষমতাসীন দল সমর্থিত এ ছাত্র সংগঠনের অবরোধ বহাল থাকে। ছাত্রলীগ বলেছে ছাত্র শিবির একটি কটেজ থেকে তাদের কর্মীদের বের করে দেওয়ার পর প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে তারা এ কর্মসূচি শুরু করেছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমেনা বেগমের মারফত ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় বলে প্রক্টরিয়াল বডির সমন্বয়ক সহকারী অধ্যাপক মঞ্জুর মোর্শেদ এবং হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম দুপুরে সিনিয়র শিক্ষক, প্রক্টরিয়াল বডির সদস্য ও হল প্রভোস্টদের নিয়ে আলোচনায় বসেন। বিকাল ৫ টার দিকে অন্যরা উপাচার্য ভবন থেকে বেরিয়ে আসেন। মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদের শুধু জানান, উপাচার্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন। এর বাইরে অন্য কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে, 'বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ' প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃবৃন্দ বিএনপি-জামায়াত জোট সরকারের নিয়োগ করা উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের অপসারণ দাবি করেছেন। শনিবার সন্ধ্যায় চবি শহর ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানান তারা। অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইরশাদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম, সাবেক উপ-উপাচার্য ড. আবু ইউসুফ আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাইন বিল্লাহ, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হোসাইন কবীর প্রমুখ। সভায় উপস্থিত অধ্যাপক হোসাইন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্য বদিউল আলম আগে ২৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছেন যাদের নিয়োগের ক্ষেত্রে উপাচার্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে।" ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় ওই নিয়োগ অনুমোদন দেওয়ার কথা বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসকে/২৩৩৫ঘ.