২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসির পদত্যাগ দাবিতে চবিতে ছাত্রলীগের অবরোধ

উপাচার্যের পদত্যাগের দাবিতে শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ। উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমকেও তার বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগের দাবিতে শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ। উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমকেও তার বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিকেল সাড়ে চারটায় জানান, সিনিয়র শিক্ষকরা উদ্ভুত পরিস্থিতি নিয়ে উপাচার্যের সঙ্গে তার বাসায় প্রায় আড়াই ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, শুক্রবার রাতে ক্যাম্পাসসংলগ্ন একটি কটেজ থেকে ছাত্রশিবির কর্মীরা তাদের কর্মীদের বের করে দিলে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নালিশ জানান। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোন উদ্যোগ না নেওয়ায় ছাত্রলীগ রাতেই প্রশাসনিক ভবনে তালা দেয় এবং শনিবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। দুপুরের পর তারা বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন চত্বরে মূল ফটক ও ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। বিকাল সাড়ে চারটায়ও তাদের মিছিল চলছিল। হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দুপুর ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে ছয় প্লাটুন পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।" শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় প্রবেশের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস ও সবগুলো অনুষদসহ অধিকাংশ ভবনের গেটেই তালা ঝুলিয়ে দিয়ে স্টেশন চত্বরে প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ কর্মীরা। ফলে দুপুরের পর থেকে ক্যাম্পাস অচল হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। ক্যাম্পাসে আটকা পড়েছেন অনেক শিক্ষক। শুক্রবার রাতে ক্যাম্পাসের হাসান কটেজে থেকে ছাত্রশিবির কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেয়। ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ব্যাপারে নালিশ করে এবং সমাধান না হওয়ায় তারা রাত সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলায়। শনিবার সকালে কর্মকর্তা কর্মচারীরা এসে প্রশাসনিক ভবনে তালা লাগানো দেখতে পায়। তারা বাইরের লিফট দিয়ে ভেতরে প্রবেশ করে। তবে উপাচার্য তার অফিসে আসেননি। প্রক্টরিয়াল বডির সমন্বয়ক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। ক্যাম্পাস মূলত অবরুদ্ধ হয়ে পড়েছে।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমারা সহাবস্থান চেয়েছিলাম। কিন্তু ছাত্রশিবির আমাদের নেতাকর্মীদের একটি কটেজ থেকে বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেয়।" তিনি বলেন, "আমার শান্তিপূর্ণভাবেই প্রশাসনের কাছে এর সমাধান চেয়েছিলাম। কিন্তু প্রশাসন এতে সাড়া দেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমাদের ভিসিবিরোধী আন্দোলন।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আবুল মনসুর জামসেদ ও আনিসুজ্জামান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। শনিবার দুপুরের দিকে ক্যাম্পাসের অধিকাংশ ভবনেই তালা ঝুলিয়ে ক্যাম্পাস অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। জামসেদ বলেন, "৪৮ ঘণ্টার মধ্যে আমরা এই এক চোখা উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএইচবি/১৭২১ ঘ.