রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকসহ আট ছাত্র আহত হয়েছেন।
এ ছাড়া তারা ফোকলোর বিভাগের শিক্ষক শহীদুর রহমান, আকতার হোসেন ও জাহাঙ্গীর হোসেনকেও লাঞ্ছিত করেন।
আহতদের মধ্যে আছেন- ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান, একই বিভাগের ছাত্র সাইফুজ্জামান হীরা, ইংরেজি দৈনিক নিউজ টুডে'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আকন্দ মোহাম্মদ জাহিদ, দৈনিক যুগান্তর ও সোনালী সংবাদ'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সায়েম সাবু। এদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ তিন দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত হামলাকারীদের সনাক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জাসদ-ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী এবং রাবি শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও অনুশীলন নাট্যদলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পূর্ব শত্র"তার জের ধরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এরশাদ ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমানকে মারধর করে।
পরে এ ঘটনার বিচার দাবিতে মিজানুরের সহপাঠি এবং ফোকলোর বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান রনি, কর্মী এমদাদ, মইন, হিরক, সিরাজ, ও রাশেদুজ্জামান রাঞ্জুর নেতৃত্বে ২০/২৫ জন কর্মী লাঠিসোটা ও লোহার রড নিয়ে ইসমাইল হোসেন সিরাজী ভবনে ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা করে। ছাত্রলীগের হামলায় ফোকলোর বিভাগের সাইফুজ্জামান হীরাসহ আরও কয়েকজন ছাত্র আহত হন।
ছাত্রলীগ নেতাকর্মীরা ফোকলোর বিভাগের শিক্ষক শহীদুর রহমান, আকতার হোসেন ও জাহাঙ্গীর হোসেনকেও লাঞ্ছিত করেন।
এ সময় ইংরেজি দৈনিক নিউজ টুডে'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আকন্দ মোহাম্মদ জাহিদ ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর এবং ক্যামেরা ভাংচুর করে। জাহিদকে উদ্ধার করতে গেলে ছাত্রলীগ কর্মীরা দৈনিক যুগান্তর ও সোনালী সংবাদ'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সায়েম সাবুকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আহত দুই সাংবাদিককে উদ্ধার করতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতিকুর রহমান তমাল, ফোকাস বাংলার আসাদুর রহমানের উপরও চড়াও হয়। পরে অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, ক্যামেরা ভাঙচুরের ক্ষতিপুরণ এবং ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) উপাচার্যকে স্মরকলিপি দিয়েছে।
সাংবাদিকরা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠন থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন।
ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ইব্রাহীম হোসেন মুন অভিযুক্তদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24