ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে সাতটি বিষয়ে ভর্তির ক্ষেত্রে শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী সোমবার আদালত এ বিষয়ে রায় দেবে।
বৃহস্পতিবার বিচারপতি মীর হাসমত আলী ও শামীম হাসনাইনের বেঞ্চ রিটটির পূর্ণাঙ্গ শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন।
শুনানিতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, "সংবিধানে আইনের দৃষ্টিতে সমতার বিধান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শর্তারোপ করে আইনের দৃষ্টিতে সমতার সাংবিধানিক বিধান ভাঙা হয়েছে।"
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. শাহদীন মালিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও কর্মচারী ছাড়া অন্যদের করা এই রিট অচল।
গত বছর ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটে বাংলা, ইংরেজিসহ সাতটি বিষয়ে ভর্তির ক্ষেত্রে শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম খলিলসহ আলিম উত্তীর্ণ পাঁচ ছাত্রের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলনিশি জারি করে।
এরপর গত বছর ২ ডিসেম্বর হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটে বাংলা, ইংরেজিসহ সাতটি বিষয়ে ভর্তির প্রক্রিয়া চার সপ্তাহের জন্য স্থগিত করে।
গত ১৭ ডিসেম্বর সেই স্থগিতাদেশের মেয়াদ আরো ৬ সপ্তাহ বাড়ায় হাইকোর্ট।
বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা বাংলা ও ইংরেজিতে দুইশ নম্বরের পরীক্ষা দেয়নি সেসব শিক্ষার্থী অংশ নিতে পারবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে শর্ত দেওয়া হয়েছিল।
শর্তের পক্ষে যুক্তি হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি বিষয়ে উচ্চশিক্ষার জন্য ভাষায় একটি ন্যুনতম দক্ষতা যাতে থাকে তা নিশ্চিত করতেই তা দেওয়া হয়েছে।
বাংলা, ইংরেজি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে কয়েক বছর আগে থেকেই এ শর্ত ছিল। পরে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাতত্ত্ব ও জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ বিভাগ এ শর্ত দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১৩০ঘ.
bdnews24