ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের অব্যাহতি চেয়ে লেখা পত্র পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার রাতে এসএম এ ফায়েজের চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অব্যাহতি চেয়ে চাওয়া আবেদনপত্র গ্রহণ করে দুয়েকদিনের মধ্যেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হতে পারে।
এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (বিশ্ববিদ্যালয়) রইছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সকালে অফিসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের পত্র পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।"
বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান পরিস্থিতির আলোকে উপাচার্য এস এম এ ফায়েজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রোববার বিকেলে শিক্ষা সচিবের কাছে চিঠি ও ফ্যাক্স পাঠান।
'সৌজন্যবোধ এবং পদের মর্যাদা রক্ষায়' তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চান বলে সাংবাদিকদের জানান উপাচার্য।
দৃশ্যত ক্যাম্পাসে গত কয়েকদিনের ছাত্র সহিংসতার পরিপ্রেক্ষিতে তিনি এ উদ্যোগ নিলেন। তাছাড়া বিএনপি জামায়াত সরকারের আমলে নিয়োগ পাওয়া এই উপাচার্যের নির্ধারিত মেয়াদও শেষ হয়েছে কয়েক মাস আগে। তিনি সাময়িকভাবে দায়িত্ব পালন করে আসছেন।
অধ্যাপক ফায়েজ তখন বলেন, "যে পর্যন্ত কর্তৃপক্ষ এ চিঠির ব্যাপারে ব্যবস্থা না নেবেন সে পর্যন্ত আমি দায়িত্ব পালন করে যাবো।"
এসএম এ ফায়েজ ২০০২ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।
এরপর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী আচার্য রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তাকে 'সম্পূর্ণ সাময়িকভাবে' নিয়োগ দেন ২০০৮ সালের ৩১ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কিউএইচ/এসকে/২১৫৩ঘ.
bdnews24