জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১২ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে সোমবার।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান জীববিজ্ঞান অনুষদ চত্ত্বরে সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবদুল হাই, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শরীফ এনামুল কবির। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
উদ্বোধনী ভাষণে উপাচার্য সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, "১৯৭১ সালের ১২ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রেখে চলেছে।"
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবদুল হাই আগামীতে বিশ্ববিদ্যালয়ে আরও সুযোগসুবিধা বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শরীফ এনামুল কবির স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, "স্বল্প সময়ের আয়োজনে ব্যাপক সংখ্যক উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে।"
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৩০ ঘ.
bdnews24