২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৪টি পরীক্ষা স্থগিত, আরও সেশনজটের মুখে ঢাবি

নির্বাচন পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ কারণে আগের এক বছর সেশনজটের সঙ্গে নতুন করে আরও অন্তত তিন মাসের সেশনজটের মুখে পড়ছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ কারণে আগের এক বছর সেশনজটের সঙ্গে নতুন করে আরও অন্তত তিন মাসের সেশনজটের মুখে পড়ছে শিক্ষার্থীরা। গত ২৯ ডিসেম্বর নির্বাচনের পর বিভিন্ন হলে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদল কর্মীদের কক্ষগুলো দখলে নেওয়া শুরু করলে উত্তেজনা শুরু হয়। এ নিয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলও নতুন রূপ পায়। গত বৃহস্পতিবার রাতে জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়। হলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ প্রাধ্যক্ষ বোরহানউদ্দিন খান পদত্যাগ করেন। এর আগে গত সপ্তাহে ওই হলের ছাদ থেকে ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পুলিশ হলগুলোতে তল্লাশী চালায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম দফায় ৭ জানুয়ারি পর্যন্ত ৮টি পরীক্ষা স্থগিত করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, ফার্সি, উর্দু , দর্শন, শান্তি ও সংঘর্ষ বিভাগের বিভিন্ন সেশনের ওই আট পরীক্ষা হওয়ার কথা ছিল কলা ভবন পরীক্ষা কেন্দ্রে। বৃহস্পতিবার রাতে জিয়াউর রহমান হলে সংঘর্ষের পর আরও ৬৬টি পরীক্ষা স্থগিত করা হয়। বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের বিভিন্ন বর্ষের ওই ৬৬ পরীক্ষা হওয়ার কথ ছিল কার্জন হল কেন্দ্রে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলগুলোতে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা হলে ফিরে আসলেই যত দ্রুত সম্ভব স্থগিত পরীক্ষাগুলোর তারিখ ঘোষণা করা হবে।" পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা জানান, একটি পরীক্ষা স্থগিতের পর নতুন করে তারিখ ঘোষণা করতে প্রায় পনের দিন সময় লেগে যায়। পরীক্ষার জন্য পর্যাপ্ত হল না থাকায় একসঙ্গে বেশি পরীক্ষা নিতে কর্তৃপক্ষকে বেগ পেতে হয়। এর আগে ২০০৭ সালের আগস্ট মাসে ছাত্র বিক্ষোভের ঘটনায় বিশ্ববিদ্যালয় তিন মাসের বেশি বন্ধ থাকে। ওই সময় ছয় মাসের পুরোনো সেশনজটের সঙ্গে যোগ হয় আরও ছয় মাস। কর্মকর্তারা বলছেন, নির্বাচন পরবর্তী অস্থিতিশীলতার কারণে এ পর্যন্ত স্থগিত হওয়া ৭৪টি পরীক্ষা শেষ করতে তিন মাসও লেগে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২১১৮ঘ.