রাজশাহী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিকেল কলেজের দুটি ছাত্রাবাসে বুধবার রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
তবে কাউকে আটক করা হয়নি এবং অস্ত্রও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
নগরীর বোয়ালিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) হুমাযূন কবীর জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসনের কাছে ছাত্রাবাস তল্লাশির দাবি জানায়। পরে কলেজ প্রশাসনের অনুরোধে পুলিশ রাত ১২টার দিকে শহীদ শাহ্ মাইনুল আহসান পিংকু ও শহীদ কাজী নুরুন্নবী ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক (হোস্টেল সুপার) ডা. মনোয়ারুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দেওয়ান মেহেদী হাসান তমাল সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে শিবির কর্মীরা বহিরাগতদের নিয়ে বড় ব্যাগে করে 'ভারী অস্ত্র' ও 'রড' নিয়ে হলে প্রবেশ করে। এজন্য তারা হল তল্লাশির দাবি করেন। তবে তল্লাশির আগেই খবর পেয়ে বহিরাগতরা অস্ত্র নিয়ে ছাত্রাবাস ত্যাগ করে বলে তিনি দাবি করেন।
ছাত্রশিবির সভাপতি আবু তালহা ছাত্রাবাসে শিবিরের বহিরাগত কেউ ছিল না দাবি করে বলেন, তল্লাশির সময় তিনিও উপস্থিত ছিলেন।
ছাত্রাবাসে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রশিবির-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের পর ৩ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কালজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত ৫ জানুয়ারি ক্যাম্পাসে খুলে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24