২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগ-শিবির মুখোমুখি, সব হলে তল্লাশি

আধিপত্য নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব হলে তল্লাশি হয়েছে। রাত ৮টায় শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত ছাত্রদের ছয়টি হলে তল্লাশি চলে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমন্বয়ক সহকারী প্রক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 07:59 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব হলে তল্লাশি হয়েছে। (আরও তথ্যসহ) রাত ৮টায় শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত ছাত্রদের ছয়টি হলে তল্লাশি চলে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমন্বয়ক সহকারী প্রক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, " পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ছাত্রলীগের যেসব নেতা-কর্মী অবস্থান নিয়েছিল তারা সবাই চলে গেছে।" সহকারী প্রক্টর জানান, সাড়ে ১০টার মধ্যে সবগুলো হলে তল্লাশি শেষ হয়েছে। হলে কোনো বহিরাগত নেই। কোনো অস্ত্রও পাওয়া যায়নি। এ সময় শিক্ষার্থীও অনেক কম ছিল। শুধু হলের বৈধ ছাত্রদের কিছু অংশ ছিল। এদের মধ্যে শিবিরের নেতাকর্মীই বেশি। পরিস্থিতি খারাপ দেখে অনেক ছাত্র আগেই হল ছেড়ে গেছে। মঞ্জুর মোর্শেদ আরও বলেন, "নতুন করে হলের আসন পুনর্বিন্যাস করা হবে কি না তা আগামীকালের (বুধবার) আসন বরাদ্দ কমিটির সভায় ঠিক করা হবে।" চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত পাঁচ বছরে হলে সিট বরাদ্দের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ছিল। প্রশাসনে জামায়াতের প্রভাব থাকায় শিবিরের কর্মীরাই শুধু আসন বরাদ্দ পেয়েছে। তাই সব আসন শিবিরের দখলে ছিল।" "আমরা হল তল্লাশি চাই না, হল ত্যাগ চাই। এরপর মেধার ভিত্তিতে নতুন করে আসন বরাদ্দ দিতে হবে।" হলে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সকালেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। দুপুরে পুরো ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবিরের মিছিল-পাল্টা মিছিল শুরু হয়। দুপুরের পর শিবির কর্মীরা হলগুলোর প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এর পরপরই ছাত্রলীগ নেতা-কর্মীরা হল গেটের সামনে ও সড়কে অবস্থান নেয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের পর ছাত্রলীগ কর্মীরা শাহ আমানত হলের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকতে গেলে পুলিশের বাধায় তারা পিছু হটে। শাহজালাল ও শাহ আমানত হলের গেটে লাঠিসোঁটা ও ইটপাথর নিয়ে ছাত্রলীগের প্রায় দুইশ কর্মী অবস্থান নেয়। আর হলগুলোর ভেতরে লাঠিসোঁটা, রড ও ইটপাথর জড়ো করতে থাকে শিবিরকর্মীরা। একদল শিবিরকর্মী সোহরাওয়ার্দী হল মোড়ে অবস্থান নেয়। এর আগে দুই ছাত্র সংগঠন মুখোমুখি অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে প্রশাসনের এক জরুরি সভায় হল তল্লাশির সিদ্ধান্ত হয়। রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে নিয়ে একযোগে সব হল তল্লাশি শুরু করে। বিশ্ববিদ্যালয় ভিজিলেন্স টিমের প্রধান রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম ও প্রক্টরিয়াল বডির সদস্যরাও পুলিশের সঙ্গে ছিলেন। উপাচার্য বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বিশ্ববিদ্যালয় সচল রাখার স্বার্থে প্রশাসন যে কোনও সিদ্ধান্ত নিতে পারে। তবে হল তল্লাশি হলেও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/ডিডি/এমআই/এসকে/০১৫৭ঘ.