রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগতদের নিয়ে ছাত্রশিবির অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। বহিরাগতদের হল ও ক্যাম্পাস থেকে বের করে দিতে প্রশাসনকে ব্যবস্থার নেওয়ার জন্য বলেছেন সংগঠনের নেতারা।
ছাত্রশিবির ক্যাম্পাসে মিছিল-মহড়া অব্যাহত রেখেছে। সংগঠনটির মিছিলে অনেক অপরিচিত মুখ দেখা গেছে। শিবির নেতারা যে কোন 'বিশৃঙ্খলা' প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
গত কয়েকদিন ধরে ছাত্রলীগও ক্যাম্পাস ও হলগুলোতে মহড়া দিচ্ছে। কয়েকটি হলে শিবিরের শুভেচ্ছা বোর্ড ও ব্যানার খুলে নিজেদের ব্যানার টাঙিয়ে দিয়েছে ছাত্রলীগ।
প্রক্টর অধ্যাপক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ স্থিতিশীল রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে। আমরা সংঘর্ষের আশঙ্কা করছি না।"
শিবির বহিরাগতদের নিয়ে হলে অবস্থান করছে- ছাত্রলীগের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমরা হল প্রশাসনের সঙ্গে বসে এ বিষয়ে পদক্ষেপ নেব। আমরা চাই হলে সংগঠনগুলো সহাবস্থান করবে।"
ক্যাম্পাসে পুলিশ টহল বাড়ানো হবে বলেও প্রক্টর জানান।
ছাত্রলীগের অভিযোগ, রোববার সন্ধ্যায় শিবির কর্মীরা বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী বিনোদপুরের একটি ছাত্রাবাস থেকে বহিরাগতদের নিয়ে সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাসে মহড়া দিয়ে হলে হলে অবস্থান নেয়। গভীর রাত পর্যন্ত তারা হলের অতিথিকক্ষে দরজা বন্ধ করে বৈঠক করে।
বর্তমানে প্রত্যেক হলেই বিপুল সংখ্যক বহিরাগত শিবির কর্মী রয়েছে বলে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেছেন।
ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন বলেন, ক্যাম্পাস ও হল থেকে বহিরাগতদের বের করে দেওয়া এবং হলে সহবস্থানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা অবহিত করেছেন। কিন্তু বিএনপি-জামায়াতপন্থী প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, "ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হলে অবস্থান করবে। এতে কেউ বাধা দিলে তারা প্রতিহত করবে।"
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার এবং বহিরাগতমুক্ত করার দাবি জানান ছাত্রলীগ সভাপতি।
নির্বাচনে মহাজোটের বিজয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে। রোববার ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ ক্যাম্পাসে শোভাযাত্রা করে। জাসদ-ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে পৃথক মিছিল করে।
এর আগে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন আবাসিক হলে মহড়া দেয় এবং রাতে জিয়াউর রহমান ও সৈয়দ আমীর আলী হলে শিবিরের শুভেচ্ছা বোর্ড ও ব্যানার খুলে ছাত্রলীগের ব্যানার টাঙিয়ে দেয়। রোববার মাদার বখস্ হলে মহড়া দিয়ে শিবিরের ব্যানার খুলে নিজেদের ব্যানার টাঙিয়ে দেয়।
সোমবার ক্যাম্পাসে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে শিবির সভাপিত দেলওয়ার হোসেন সাঈদী ছাত্রলীগ নেতাকর্মীদের মাত্রা অতিক্রম না করতে হুঁশিয়ার করে দিয়েছেন। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শিবির তা প্রতিহত করবে বলে তিনি ঘোষণা দেন।
শিবিরের মিছিলে বহিরাগত ও অপরিচিত অনেক কর্মীকে দেখা গেছে।
জাসদ-ছাত্রলীগের সভাপতি তৈমুর ফারুক তুষার বলেন, বিগত জোট সরকারের প্রশাসন এখনও বহাল থাকায় তাদের প্রত্যক্ষ মদদেই বহিরাগতদের নিয়ে শিবির নিতাকর্মীরা এখনও হলে অবস্থান করছে এবং ক্যাম্পাসে মিছিল করছে। তিনি ক্যাম্পাসকে সাম্প্রদায়িকতামুক্ত করার দাবি জানান।
মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এম কে জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে অবহিত করলে পুলিশ হল থেকে বহিরাগতদের বের করে দেবে।"
ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24