২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সাত বছর পর হলে উঠেছে ছাত্রলীগ

দীর্ঘ সাত বছর পর শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে শুরু করেছে ছাত্রলীগ কর্মীরা। ছাত্রলীগের বৈধ আসনধারী নেতা কর্মীরা ইতিমধ্যে দুটি হলে উঠেছে। বাকি চারটি হলে যাদের আসন রয়েছে তারা পর্যায়ক্রমে উঠবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দীর্ঘ সাত বছর পর শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে শুরু করেছে ছাত্রলীগ কর্মীরা। ছাত্রলীগের বৈধ আসনধারী নেতা কর্মীরা ইতিমধ্যে দুটি হলে উঠেছে। বাকি চারটি হলে যাদের আসন রয়েছে তারা পর্যায়ক্রমে উঠবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সব ছাত্র সংগঠনের সহাবস্থানের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জয়লাভের পর হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় শিক্ষার্থীদের হল ছেড়ে চলে যাওয়া এবং ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ সহাবস্থান চাইছে ছাত্রলীগ। আসন বরাদ্দ আছে এমন শিক্ষার্থীদের হলে থাকার অধিকার ফিরিয়ে দিতে অবৈধভাবে তাদের কোন নেতা কর্মী হলে উঠবে না বলে জানান ছাত্রলীগ নেতারা। চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," দখলদার সংগঠন ছাত্রশিবিরের অতীত অত্যাচার নির্যাতনের কথা আমরা মনে করতে চাই না। আমরা দখলদারিত্ব ও প্রতিশোধ পরায়ণ রাজনীতিতে বিশ্বাস করি না।" তিনি বলেন, হলগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে আসন বন্টন নিশ্চিত করা হবে। সাধারন শিক্ষার্থীরা যাদের হলে আসন বরাদ্দ রয়েছে তারা নির্ভয়ে হলে থাকতে পারেন। হলগুলোতে ছাত্রলীগের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তার দায় প্রশাসনকে নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর ছাত্রশিবির ছয়টি ছাত্র হলের সবগুলোর দখল নেয়। এরপর থেকে ছাত্রলীগের বৈধ আসনধারীরাও হলে থাকতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসকে/২২১৫ঘ.