ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২৭তম বিসিএস এর ফল বাতিল, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা'দত হোসাইনের পদত্যাগসহ ছয় দফা দাবি জানিয়েছে পরীক্ষার্থীদের একাংশ।
এসব দাবি আদায়ে তারা রোববার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেবে এবং ঈদের দিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীক অনশন করবে।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের 'অনিয়ম ও বৈষম্যের শিকার পরীক্ষার্থীরা'- এই ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মাহফুজুর রহমান সরকার।
মাহফুজ বলেন, এসব কর্মসূচির পরও সরকার দাবি না মানলে পরীক্ষার্থীরা আদালতে যাবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পিএসসি চেয়ারম্যান সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কমাতে আগ্রহী। এ কারণে দ্বিতীয় দফায় ফলাফল প্রকাশের সময় এ কোটা থেকে প্রথমবার উত্তীর্ণ ৬৭ শতাংশ পরিক্ষার্থীকে তিনি অনুত্তীর্ণ ঘোষণা করেছেন। অথচ চেয়ারম্যান নিজেই মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে তার চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে নেন এবং মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত পদোন্নতি নেন। মুক্তিযোদ্ধা কোটা কমানোর ব্যাপারে তার এই আগ্রহের কারণ বোধগম্য নয়।
পরীক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- বিসিএস'র নতুন ফলাফলে 'জন্ম নেয়া কেলেঙ্কারির' বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পিএসসি'র নিয়োগে অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেয়া বন্ধ করা, পিএসসিতে বিশ্বব্যাংক ও এডিবি'র সব প্রকল্প বন্ধ করা এবং পিএসসি'র পুনর্গঠন।
সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ সোহেল রানা, মহসিন সিকদার, আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম, ফররুখ আহমেদ, আবু সাঈদ মোহাম্মদ ফয়সাল, প্রসেনজিৎ গুহ ও 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' এর সভাপতি হুমায়ুন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯৩৯ ঘ.
bdnews24