২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাবিতে কর্মচারিদের অবস্থান ধর্মঘট

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ৫৪৪ সিরিজের কর্মচারিদের একাংশ শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ৫৪৪ সিরিজের কর্মচারিদের একাংশ শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছে। সকাল ১১টার দিকে শতাধিক সহায়ক ও সাধারণ কর্মচারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পশ্চিম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে প্রধান ফটকে মিলিত হয়। সেখানে তারা এক ঘণ্টা অবস্থান ধর্মঘট করে। এসময় চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনরতদের মধ্যে মোক্তার মনি, আজিবর রহমান, আব্দুল হামিদ, মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। অবিলম্বে চাকরি স্থায়ী না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। এর আগে বৃহস্পতিবার তারা উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছিল। এসব কর্মচারির চাকরি স্থায়ী করার ব্যাপারে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে- এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা জানান। ২০০৪ সালে কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই দলীয় বিবেচনায় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫৫টি স্থায়ী শূন্য পদের বিপরীতে ৫৪৪ জনকে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেয়। এদের মধ্যে ২০০৬ থেকে ২০০৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিন শতাধিক কর্মচারির নিয়োগ স্থায়ী করা হয়। বাকি কর্মচারিরা চাকরি স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ক্যাম্পাসে তারা '৫৪৪ সিরিজ'র কর্মচারি নামে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৬১১ ঘ.