কুমিল্লা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা মেডিকেল কলেজের ভেতর মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর কার্যক্রম বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ম্যাটস কার্যালয় ভাঙচুর করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছাত্ররা পরে ম্যাটসের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে।
ছাত্র-ছাত্রীদের শুক্রবার দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংঘর্ষের ঘটনায় ৫ ছাত্রসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুমিল্লা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ম্যাটস এর কার্যক্রম বন্ধের দাবিতে শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা ম্যাটস এর নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডা. সাইদুল হকসহ তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয়।"
তিনি জানান, শিক্ষার্থীরা ম্যাটসের দরজা জানালা ও কমপিউটার ভাঙচুর করে এবং একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ কর্মকর্তা বলেন, ছাত্ররা ম্যাটসের মাইক্রোবাস চালক ইয়াছিনসহ বেশ কয়েকজনকে মারধর করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায়। ক্যাম্পাসের পাশেই বাস করা ম্যাটসের কর্মচারীরা তখন ছাত্রদের ওপর পাল্টা হামলা করে। এতে ৫ ছাত্রসহ অন্তত ১২ জন আহত হয়।
চালক ইয়াছিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ আলম বলেন, ভাঙচুরের ঘটনায় ম্যাটসের অধ্যক্ষ ডা. সাইদুল হক মেডিকেল কলেজের ৯/১০ ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহারা খাতুন ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২২১৯ ঘ.
bdnews24