ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৪ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার আবেদনপত্র বিক্রি ও জমা শুরু হবে ১৯ অক্টোবর থেকে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে এবার সবগুলো ইউনিটে গতবারের চেয়ে জিপিএ দশমিক ৫ পয়েন্ট বাড়ানো হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন।
তিনি বলেন, ১৪ নভেম্বর 'গ' (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ২১ নভেম্বর 'ক' (বিজ্ঞান) ইউনিট, ২৮ নভেম্বর 'খ' (কলা ও সামাজিক বিজ্ঞান) ইউনিট ও ২ জানুয়ারি 'ঘ' (বিভাগ পরিবর্তন) ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
অধ্যাপক সদরুল বলেন, "ভর্তি পরীক্ষার এ সময়সূচি খসড়া প্রস্তাব হিসেবে প্রস্তুত করা হয়েছে। শনিবার ভর্তি কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
৫০ টাকা বাড়িয়ে এবার ভর্তি পরীক্ষার ফরমের দাম ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 'ক' ইউনিটের ফরম কার্জন হলের অগ্রণী ব্যাংক, 'খ' ও 'ঘ' ইউনিটের ফরম টিএসসির জনতা ব্যাংক এবং 'গ' ইউনিটের ফরম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সোনালী ব্যাংকে বিক্রি করা হবে।
'ক' ইউনিটের ফরম বিজ্ঞান অনুষদে, 'খ' ইউনিটের কলা অনুষদে ও 'ঘ' ইউনিটের ফরম সামাজিক বিজ্ঞান অনুষদে এবং 'গ' ইউনিটের ফরম বাণিজ্য অনুষদে জমা দিতে হবে।
এবার 'ক' ইউনিট বা বিজ্ঞানের কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি'র জিপিএ যোগ করে মোট ৮ পয়েন্ট পেতে হবে। 'খ' ইউনিট বা কলা ও সামাজিক বিজ্ঞানে পরীক্ষার জন্য লাগবে ৬ দশমিক ৫ পয়েন্ট এবং 'গ' ইউনিট বা ব্যবসায় শিক্ষার জন্য লাগবে ৭ দশমিক ৫ পয়েন্ট।
বিভাগ পরিবর্তন বা 'ঘ' ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এইচএসসিতে বিজ্ঞান থেকে আসা শিক্ষার্থীদের ৮ পয়েন্ট, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৭ দশমিক ৫ পয়েন্ট ও মানবিক থেকে আসা শিক্ষার্থীদের ৬ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24