জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ থেকে শিক্ষক ছানোয়ার হোসেন অব্যাহতি পাওয়া সত্ত্বেও ছাত্ররা তার অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। সোমবারও তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শিক্ষার্থীরা সমাজ বিজ্ঞান ভবন থেকে শুরু করে পুরাতন কলা ভবন পর্যন্ত মিছিল করে। পরে পরিবহন এলাকায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নির্লিপ্ত নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " উচ্চতর তদন্ত কমিটি গঠনের জন্য মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে।"
বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র সড়ক দ্বীপে একই দাবিতে শিক্ষক ও বুদ্ধিজীবীদের একটি সমাবেশ হবে বলেও জানান তিনি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় অভিযোগ থেকে অব্যাহতি পান নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেন। এ সিদ্ধান্তে বিক্ষুব্ধ ছাত্ররা ওই রাতে প্রশাসনিক ভবনের সব গেটে তালা লাগিয়ে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের অবরোধ কয়েক ঘণ্টা অবরোধ করে রাখে।
শিক্ষার্র্থীরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং পরিবহন এলাকায় রাখা বিশ্ববিদ্যালয়ের ৩/৪টি বাস ও রেজিস্ট্রার ভবনে ভাঙচুর করে।
পরদিন রোববার সন্ধ্যায় যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আমির ফয়সাল রহমান কিশোরকে পিটিয়ে মারাত্মক আহত করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন।
'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে গত চার মাস ধরে ওই শিক্ষকের অপসারণ এবং যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএইচবি/২০০৬ ঘ.
bdnews24