জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌন নিপীড়নের অভিযোগ থেকে ছানোয়ারকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আমরণ অনশনরত শিক্ষার্থীরা শনিবার রাত ১২টায় অনশন কর্মসূচি প্রত্যাহার করে এ ঘোষণা দেয়।
একইসঙ্গে রোববার বিভাগে তালা লাগানোরও সিদ্ধান্ত নিয়েছে তারা।
রোববার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। (আরো তথ্যসহ)
এর আগে শনিবার রাতে যৌন নিপীড়নের অভিযোগ থেকে ছানোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ১০/১২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছানোয়ারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানোর পর শিক্ষার্থীরা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের অবরোধ করে। পরে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নিয়ে শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা অনশন শুরু করে।
যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত সংগঠনের অন্যতম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সভাপতি সৌমিত্র কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে আমরণ অনশন শুরু করেছি।"
এর আগে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং পরিবহন এলাকায় রাখা বিশ্ববিদ্যালয়ের ৩/৪টি বাস ও রেজিস্ট্রার ভবনে ভাঙচুর করে।
সেখানে এক সমাবেশে শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষককে বরখাস্ত না করা পর্যন্ত উপাচার্যসহ অন্য শিক্ষকদের আটকে রাখা হবে। এ সময় পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিপেটা করে। এতে চার পাঁচজন আহত হন।
সন্ধ্যা ৭টার দিকে উপচার্য অধ্যাপক মুনিরুজ্জামান সিন্ডিকেট সদস্যদের নিয়ে সভা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে প্রত্যেককে একটি করে সংবাদ বিজ্ঞপ্তি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের বিশেষ সভায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সিন্ডিকেট তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন সভায় পর্যালোচনা করে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুপুর আড়াইটায় কড়া পুলিশ পাহারায় সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় সিন্ডিকেটের ১২ সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক, ডেইরি ফার্মগেট ও প্রশাসনিক ভবনের সামনে ১২ থেকে ১৩ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।
দুপুর ৩টার দিকে আন্দালনরত শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পরিবহন এলাকায় জড়ো হয়। এরপর তারা একত্রে সিন্ডিকেটস্থল প্রশাসনিক ভবনের দিকে আসতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।
পরে শিক্ষার্থীরা কবির সরণী দিয়ে প্রবেশের চেষ্টা করে। কিন্তু সেখানেও পুলিশ বেরিকেড দিয়ে রাখে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সিন্ডকেট সভা শেষ করে উপাচার্য বের হয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কাছে সভার সিদ্ধান্ত জানতে চায়। তখন উপচার্য সংবাদ বিজ্ঞপ্তিটি তাদের সামনে পড়ে শোনান।
অভিযুক্ত ওই শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা শুনে শিক্ষার্থীরা শেইম শেইম বলে চিৎকার করে ওঠে। এক পর্যায়ে তারা পুলিশের বেরিকেড ভেঙে উপচার্যসহ সিন্ডিকেট সদস্যদের ধাওয়া করলে তারা প্রশাসনিক ভবনের দিকে চলে যান।
শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সবগুলো গেটে তালা লাগিয়ে উপাচার্য, সিন্ডিকেট সদস্য ও কর্মকর্তাসহ প্রায় ২০ জনকে অবরোধ করে রাখে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্যের নির্দেশ অনুযায়ী আমরা দায়িত্ব পালন করব।"
তবে ছাত্রদের ওপর লাঠিচার্জের কথা তিনি অস্বীকার করেন।
নাটক নাট্যতত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনের অপসারণ এবং যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে শনিবারের এ সভা ডাকা হয়েছিল।
আন্দোলনের এক পর্যায়ে আগস্টের শেষে শিক্ষার্থীরা আমরণ অনশনের কর্মসূচি দেয়। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান গত ৩ সেপ্টেম্বর দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান।
ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত বৃহস্পতিবার শেষ হয়।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী বিভাগীয় সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করে।
পরদিন থেকে বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছে। পরে অন্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে গত চার মাস ধরে অভিযুক্ত শিক্ষকের অপসারণ এবং যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে ধারাবাহিকভাবে মিছিল-সমাবেশ, মানববন্ধন, অনশন, সংহতি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে।
ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে এ পর্যন্ত তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন দুটির ভিত্তিতে ওই শিক্ষককে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছে প্রশাসন।
পরে উপাচার্যের নেতৃত্বে গঠিত হয় আরেকটি তদন্ত কমিটি। এ কমিটির প্রতিবেদনই শনিবার সিন্ডিকেটে তোলা হয়।
এর আগে ২০০৬ এবং ২০০৭ সালে যৌন নিপীড়নের অভিযোগে দুটি বিভাগের দুই জন শিক্ষককে বরখাস্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/এমএসবি/এমএইচবি/এফএফ/এডি/ জিএনএ/১০৪৮ ঘ.
bdnews24