২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির কর্মকর্তা-কর্মচারিদের হাতে প্রক্টর লাঞ্ছিত

সমাবেশ করতে নিষেধ করায় প্রক্টর ড. মতিনুর রহমানকে লাঞ্ছিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমাবেশ করতে নিষেধ করায় প্রক্টর ড. মতিনুর রহমানকে লাঞ্ছিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা। বৃহস্পতিবার তারা তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনের নিচে সমাবেশ করছিলেন। এ সময় পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রক্টর সমাবেশ করতে নিষেধ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। প্রক্টর ড. মতিনুর রহমান লাঞ্ছিত হওয়ার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রণের জন্য আমি রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছি।" রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন প্রক্টরের অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, "উপাচার্যকে জানানো হয়েছে। উপাচার্যের পক্ষ থেকে নির্দেশ পেলে পদক্ষেপ নেওয়া হবে।" ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারিরা প্রশাসনিক ভবনের নিচে সমাবেশ করেন। এ সময় প্রক্টর ড. মতিনুুর রহমান পুলিশসহ ঘটনাস্থরে এসে সমাবেশ করতে নিষেধ করলে কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যয়ে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারিরা তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর কর্মকর্তা-কর্মচারিরা তাদের তিন দফা দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেন। তাদের দাবিগুলো হল- সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির বেতন থেকে বাড়ি ভাড়ার ৫ শতাংশ কেটে নেওয়া যাবে না, শাখা কর্মকর্তা ও সহকারী রেজিস্ট্রারদের বেতন (ডিটেনশন গ্রেড) নয় হাজার থেকে ১৫৪৫০ ও ১১ হাজার থেকে ১৭৬৫০ টাকায় উন্নীত করতে হবে, কর্মকর্তা কর্মচারিদের ক্ষেত্রে দুটি উচ্চতর ডিগ্রী অর্জনের কারণে দুটি ইনক্রিমেন্ট দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১২ ঘ.