২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেল কলেজে হামলা মামলায় শিবিরের নেতাকর্মীরা খালাস

রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও কলেজের অধ্যক্ষ ও এক শিক্ষকের বাড়িতে হামলা ভাংচুর অগ্নিসংযোগের মামলায় ছাত্র শিবিরের ১৮ নেতা-কর্মীর সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

রংপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও কলেজের অধ্যক্ষ ও এক শিক্ষকের বাড়িতে হামলা ভাংচুর অগ্নিসংযোগের মামলায় ছাত্র শিবিরের ১৮ নেতা-কর্মীর সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রোববার রংপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মাহমুদুল ইসলাম এই রায় দেন। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- শিবির নেতা এরশাদুল, দেলোয়ার হোসেন, মহিবুল, আল মামুন, আশরাফুল এবং কর্মী ফেরদৌস, মোশারাফ, শাহীনুর, আল আফজাল, রেজওয়ান, আজিজুর রহমান, শামীম, জুলফিকার, মজিদ, মাসুদ, মাহবুব ও মাহবুবার রহমান। এরা সবাই কারমাইকেল কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র । এদের মধ্যে মাহবুুব ও মাহবুবার রহমান পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি সবাই আদালতে উপস্থিত ছিলেন। চলতি বছরের ৬ ফেরুয়ারি রংপুর কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে একদল ছাত্র কলেজের প্রশাসনিক ভবন, গ্রন্থাগার ভবন, বাংলা বিভাগ, ডাকঘর, বিদ্যুৎ উপকেন্দ্রসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এক পর্যায়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বীপ কেন্দ্র নাথ দাস ও অধ্যাপক হাফিজুর রহমানের বাসায় হামলা চালিয়ে আসবাবপত্রসহ মালামাল ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা। পুলিশ ওই দিনই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিবিরের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৭ ফেব্র"য়ারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বীপ কেন্দ্র নাথ দাস কোতয়ালি থানায় মামলা করেন। পরে পুলিশ শিবিরের ১৮ নেতা-কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩৩ জনের সাক্ষ নেওয়ার পর রায় দিয়েছে। রায় ঘোষণার উপলক্ষে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। রায় ঘোষণার পর অধ্যক্ষ ড. দ্বীপ কেন্দ্র নাথ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সবাই সাক্ষ্য দিয়েছি। পুলিশ কিভাবে অভিযোগপত্র দিয়েছে তা জানি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৯৫৪ ঘ.