ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর জন্য স্থাপিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর রেজিস্ট্রার নিয়োগ পেয়েছেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটির) ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামাল।
মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশে ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামাল তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অন্তবর্তীকালীন সময়ের জন্য রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন।
চলতি বছরের ৫ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ২০০১ সালের জুনে বিইউপি প্রতিষ্ঠার জন্য একটি বোর্ড গঠন করেছিল সরকার।
স্বতন্ত্র এ বিশ্ববিদ্যালয়ের আওতায় রয়েছে সশস্ত্র বাহিনীর নয়টি উচ্চ শিক্ষা কলেজ, ইনস্টিটিউট ও একাডেমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/এমএইচবি/১৮৫৬ ঘ.
bdnews24