রংপুর, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জীবনরক্ষাকারী অক্সিজেন শেষ।
অক্সিজেনের অভাবে গত ১২ ঘণ্টায় দুটি শিশু মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত থেকে হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা অকেজো হয়ে সরবরাহ বন্ধ হয়ে গেছে।
মারা যাওয়া দুই শিশু হলো- গাইবান্ধার সাদুল্লাপুরের শহিদুলের ৬ দিন বয়সী ছেলে সোহান বাবু এবং ঠাকুগাঁওয়ের হরিশচন্দ্রের ৬ মাস বয়সী ছেলে বিমল।
এ ব্যাপারে শিশু বিভাগের এক ডাক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাম না প্রকাশের শর্তে জানান, অক্সিজেন চলা অবস্থায় হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তাদের ওয়ার্ডে চিকিৎসাধীন নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কয়েকটি শিশুর অবস্থার অবনতি হয়। যান্ত্রিক সমস্যার কারণে সিলিন্ডার থেকেও অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে দুটি শিশু মারা গেছে।
ওই চিকিৎসক জানান, বিষয়টি হাসপাতালের পরিচালকসহ অন্যদের জানানো হলে দ্রুত সিলিন্ডারের মাধ্যমে কয়েকজন রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা অকেজো হয়ে পুরো হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় বলে চিকিৎসকটি জানান। এতে শিশু, মেডিসিন, করোনারি ও সার্জারি ইউনিটে চিকিৎসাধীন দেড় শতাধিক গুরুতর রোগীর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।
এ সময় রোগীদের স্বজনরা আতঙ্কিত হয়ে আহাজারি ও ছোটাছুটি শুরু করে।
বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইছাহাক অক্সিজেন না থাকার কথা জানিয়ে বলেন, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। আশা করছি আজকালের মধ্যে অক্সিজেন চলে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১১০ঘ.
bdnews24