ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ পরিবর্তন করে নিরপেক্ষ ব্যক্তি নিয়োগ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ প্রশাসনের অন্যান্য ক্ষেত্রেও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে নীল দলের শিক্ষক নেতারা এসব দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নীল দলের আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ, উপ-উপাচার্যসহ অন্যদের অবিলম্বে পরিবর্তন করে স্বচ্ছ, নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।"
তিনি আরো বলেন, "মেয়াদ উত্তীর্ণের পর বর্তমান সরকার উপাচার্যকে সাময়িকভাবে নিয়োগ দিয়েছে। নিয়মানুযায়ী, সিনেট একটি প্যানেল নির্বাচন করবে, যার কাজ হবে পরবর্তী উপাচার্য বাছাই করা।"
তা না করে বর্তমান উপাচার্য তার পছন্দের ব্যক্তিদের নিয়ে প্যানেল তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
নীল দলের পক্ষ থেকে শনিবার উপাচার্যের সঙ্গে দেখা করে অবিলম্বে বিভিন্ন পরিচালনা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ব্যাপারে দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
ডিন নির্বাচনে নীল দলের পরাজয়ের ব্যাপারে অধ্যাপক রশীদ বলেন, "এ নির্বাচন ছিলো একটি টেস্ট কেস, এতে প্রমাণিত হয়েছে জোট সরকারের রেখে যাওয়া প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।"
তবে ডিন নির্বাচনের ফল নীল দল মেনে নিয়েছে বলেও তিনি জানান।
বর্তমান প্রশাসনের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিচালনা পর্ষদে নির্বাচন হলে তারা অংশ নেবেন কিনা- প্রশ্নের জবারে অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "জোট সরকারের আমলে দেওয়া নিয়োগ পরিবর্তন করতে হবে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নীল দলের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, নীল দলের যুগ্ম আহ্বায়ক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অহিদুজ্জামান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. ইমামুল হক শামীম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জিনাত হুদা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24