ইসমাইল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
রাজশাহী, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরবাসীর সঙ্গে সংঘর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রক্টরকে দায়ী করে তাদের অপসারণ দাবি করে সমাবেশ করেছে ওই গ্রামবাসী। রাজশাহীর নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও সে সমাবেশে ছিলেন। এদিকে ঘটনা খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গ্রামবাসীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
টিকিট নিয়ে বাস কাউন্টারের লোকজনের সঙ্গে এক ছাত্রের বিবাদের জের ধরে মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরবাসীর দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে অন্তত ৫০ জন আহত হয়।
এরপর সকালে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ১২টার মধ্যে হল খালি করতে বলা হয় শিক্ষার্থীদের। বিকালে বিশ্ববিদালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের কথা জানানো হয়।
শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হুমায়ুন আহমেদ ঢাকায় যাওয়ার জন্য মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে ওঠে। সিট নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে নাটোর তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় হুমায়ুন রাজশাহীতে ফিরে বাস কাউন্টারে গিয়ে টাকা ফেরত চাইলে কাউন্টার ব্যবস্থাপক তা দিতে অস্বীকৃতি জানালে হুমায়ুন বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে রাত ৮টার দিকে ওই কাউন্টার ভাংচুর করে।
এর পর স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে শিক্ষকরাও সেখানে যায়। রাত ১টা পর্যন্ত বিনোদপুরবাসীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষে শিক্ষক-ছাত্র-পুলিশ-এলাকাবাসীসহ অন্তত অর্ধশত আহত হন। রাত ১টার দিকে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে দাঙ্গা পুলিশসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বিডিআর সদস্য মোতায়েন করা হয়।
এরপর বুধবার সকাল ৮টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অদির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হল ছাড়তে বলা হয়।
সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মোহাম্মদ শাফি সাংবাদিকদের বলেন, "উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তার জন্য ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদেরকে ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।"
সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।
হঠাৎ করে হল খালি করার সিদ্ধান্তে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। ১২টার মধ্যে হল ছেড়ে তাদের বাস ও রেল স্টেশনে ছুটতে হয়। ভোগান্তিতেও পড়তে হয় অনেক শিক্ষার্থীকে।
বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘর্ষের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক দেলওয়ার হোসেনকে। সদস্য রয়েছেন- রসায়ন বিভাগের অধ্যাপক এন্তাজুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, স্থানীয় ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য সিদ্দিক হোসেন, ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকার ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ।
বুধবার দুপুরে বিনোদপুর বাজারে বিনোদপুর এলাকাবাসী এবং বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভায় চার দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো- ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত ও প্রক্টর অধ্যাপক এনামুল হকের অপসারণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং গত ৭ আগস্টে রাবিতে সংঘর্ষের ঘটনায় সাত ব্যবসায়ীর বিরুদ্ধে ছাত্রশিবির নেতার দায়েরকরা মামলা প্রত্যাহার।
ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রব্বান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নতুন মেয়র খায়রুজ্জামান লিটন, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, ওয়ার্ড কাউন্সিলার শহিদুল ইসলাম পিন্টু, রাজশাহী নাগরিক কমিটির নেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, ডা. আব্দুল মান্নান প্রমুখ।
খায়রুজ্জামান লিটন বলেন, "একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে।"
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রক্টরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র নামধারী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে মঙ্গলবার রাতের ঘটনা ঘটিয়েছে। প্রশাসন দলীয় চেতনার উর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারছে না, তাই তাদের ওই পদে থাকার অধিকার নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫২ ঘ.
bdnews24