২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র বিক্ষোভের বর্ষপূর্তিতে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি

সেনা সদস্যদের হাতে ছাত্র প্রহৃত হওয়ার জের ধরে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে যে বিক্ষোভ-সংঘাত পরিস্থিতি সৃষ্টি হয় তার বর্ষপূর্তি বুধবার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, মৌন মিছিল, প্রতিবাদী চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেনা সদস্যদের হাতে ছাত্র প্রহৃত হওয়ার জের ধরে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে যে বিক্ষোভ-সংঘাত পরিস্থিতি সৃষ্টি হয় তার বর্ষপূর্তি বুধবার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, মৌন মিছিল, প্রতিবাদী চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা উত্তোলন করবে। একই সময়ে ক্যাম্পাসে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ওই সময়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করবে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা জানান, সকালে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করা হবে। এর আগে ২৩ আগস্টকে 'ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নির্যাতন প্রতিবাদ দিবস' হিসেবে ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় ২৬ জুন এ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়। প্রতি বছর দিবসটি পালন করা হবে। ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সেনা সদস্যদের হাতে এক ছাত্র প্রহৃত হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিশ্ববিদ্যালয়। এর জের ধরে ২০ ও ২১ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ চলে। পরে দেশের অনেক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ আগস্ট থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার। ২৩ আগস্ট গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসভবন থেকে দুই জন শিক্ষককে আটক করা হয়। পরে আরো দুই শিক্ষককে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে সরকার। পরে ছাত্র আন্দোলনের মুখে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রের বিরুদ্ধে একটি মামলার কার্যক্রম এখনও চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২১৫৩ ঘ.