ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে ১০ অনুষদের আটটিতেই বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দল জয়ী হয়েছে। এর মধ্যে একটিতে সাদা দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। দুটি অনুষদে জিতেছে আওয়ামী লীগ ও বামপন্থী সমর্থিত নীল-গোলাপি যৌথ প্যানেলের শিক্ষকরা।
মঙ্গলবার টিএসসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ।
কলা অনুষদে সাদা দলের প্রার্থী এবং বর্তমান ডিন অধ্যাপক সদরুল আমিন ১১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নীল-গোলাপি প্যানেলের অধ্যাপক ফখরুল আলম পেয়েছেন ১০৭ ভোট।
সামাজিক বিজ্ঞান অনুষদে নীল-গোলাপি প্যানেলের প্রার্থী ও বর্তমান ডিন অধ্যাপক হারুণ অর রশীদ সাদা দলের প্রার্থীর চেয়ে ৪৭ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। তার ১০০ ভোটের বিপরীতে সাদা দলের প্রার্থী অধ্যাপক ফেরদৌস হোসেন পেয়েছেন ৫৩ ভোট।
বিজ্ঞান অনুষদে সাদা দলের প্রার্থী অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম ৬৭ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন। নীল-গোলাপি প্যানেলের প্রার্থী অধ্যাপক মো. মুহিবুর রহমান তার চেয়ে ২০ ভোট কম পেয়েছেন।
জীববিজ্ঞান অনুষদে হেরেছেন বর্তমান ডিন এবং নীল-গোলাপি প্যানেলের প্রার্থী অধ্যাপক মো. আনোয়ার হোসেন। তিনি পেয়েছেন ৬১ ভোট। এ অনুষদে বিজয়ী সাদা দলের ড. মো. আবুল বাশার পেয়েছেন ৮২ ভোট।
বাণিজ্য অনুষদে সাদা দলের প্রার্থী অধ্যাপক আব্বাস আলী খান ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নীল-গোলাপি দলের প্রার্থী অধ্যাপক মীজানুর রহমান পেয়েছেন ৫৩ ভোট।
ফার্মেসি অনুষদে জয়ী হয়েছেন সাদা দলের প্রার্থী ও বর্তমান ডিন অধ্যাপক মো. আব্দুর রশীদ। তিনি পেয়েছেন ৩০ ভোট। প্রতিদ্বন্দ্বী নীল-গোলাপি প্যানেলের অধ্যাপক ফরিদা বেগম ৬ ভোট পেয়েছেন।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে সাদা দলের অধ্যাপক ড. শাহিদা রফিক ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নীল-গোলাপি প্যানেলের প্রার্থী অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক পেয়েছেন ১৯ ভোট।
আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. শাহনাজ হক হুসেন ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার চেয়ে দুই ভোট কম পেয়ে হেরেছেন নীল-গোলাপি প্যানেলের প্রার্থী অধ্যাপক হোসেন মনসুর।
চারুকলা অনুষদে নীল-গোলাপি দলের প্রার্থী অধ্যাপক রফিকুন নবী তুমুল লড়াইয়ের পর জিতেছেন। তিনি পেয়েছেন ১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী অধ্যাপক আব্দুস সাত্তার মাত্র এক ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন। এ অনুষদে স্বতন্ত্র নির্বাচন করে ১১ ভোট পেয়েছেন অধ্যাপক মাহমুদুল হক।
আইন অনুষদে একক প্রার্থী হওয়ায় বর্তমান ডিন অধ্যাপক বোরহান উদ্দিন খান আগেই নির্বাচিত ঘোষণা করা হয়।
টিএসসিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন অনুষদের শিক্ষকদের ভোট গ্রহণ চলে।
নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "খুব স্বচ্ছ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।"
তিনি জানান, মোট ৮৩২টি ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ১৮টি।
নির্বাচিত ডিনরা আগামী দুই শিক্ষাবর্ষ দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/এমএইচবি/১৮৪৯ ঘ.
bdnews24