২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসি দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসি দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নামের একটি সংগঠন। একই দাবিতে ছাত্রলীগ ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফাঁসির মঞ্চ করে তৈরি এ প্রতীকী ফাঁসি কার্যকর করে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাইদুর রহমান খান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক ও রাবি শাখা মুক্তিযোদ্ধা সংসদের নেতা আবুল কালাম আজাদ দু'জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধী সাজিয়ে তাদের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেয়। এরপর সাংস্কৃতিক সংগঠন অরণী ও গণশিল্পী সংস্থার শিল্পীরা প্রতিবাদী সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃতি করে। পরে বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাদা কাপড়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। প্রতীকী ফাঁসি কার্যকরের পর অধ্যাপক সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, "এতোদিন পরেও বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর না করা এবং যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীরা শাস্তি পেলেই দেশ কলঙ্ক থেকে মুক্তি পাবে।" তিনি শিগগিরই বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। দুপুর ১২টার দিকে একই দাবিতে রাবি শাখা ছাত্রলীগ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে গ্রন্থাগারের সমানে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন সংগঠনের নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেন মুন ও সাধারণ সম্পারণ সম্পাদক আয়েন উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.