ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগের জন্য তিনটি প্যানেল ঠিক করেছে এ সংক্রান্ত সরকার গঠিত সার্চ কমিটি।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সার্চ কমিটির সভায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের জন্য অনধিক তিন জন করে নাম ঠিক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন,"তিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা উপযুক্ত প্রার্থীর তালিকা করেছি। এখানে অনধিক তিনজনের তালিকা করা হয়েছে। এখান থেকে একজনকে উপাচার্য নিয়োগ দেয়া হবে।"
সার্চ কমিটির সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এজেডএম শফিকুল আলম বলেন, "আমরা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা দেখে উপযুক্ত প্রার্থী বাছাই করেছি।"
তিনি জানান, এ সপ্তাহেই আচার্যের কাছে সুপারিশ পাঠানো হবে। আগামী সপ্তাহে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে বলে আশা করছি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য প্রার্থী বাছাই তাড়াতাড়ি করা হবে বলেও তিনি জানান।
সার্চ কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩৬ জন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ২৪ জন এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৫ টি আবেদন জমা পড়েছিল। এরমধ্যে থেকে যাচাই-বাছাই করে তিনটি প্যানেল ঠিক করা হয়েছে।
এছাড়া উপাচার্যর পদ শূণ্য থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
শিক্ষা সচিব মোমতাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
১৯৭৩ এর অধ্যাদেশের আওতায় পরিচালিত ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদে অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য গত বছরের ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় 'সার্চ কমিটি' গঠন করে।
সার্চ কমিটিতে চেয়ারম্যান হিসাবে রয়েছেন শিক্ষা সচিব এবং কো-চেয়ারম্যান হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এই কমিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের শূন্য পদে নিয়োগের জন্য উন্মুক্ত পদ্ধতিতে আগ্রহপত্র আহ্বানের পর সেখান থেকে যোগ্য প্রার্থী বাছাই করে আচার্যের কাছে সুপারিশ পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/জিএনএ/১৮২৫ ঘ.
bdnews24