২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতমসজিদ সড়কে গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট ছাত্রদের অবরোধ

পরীক্ষার হলে নাজেহাল হওয়ার প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে সাতমসজিদ সড়কের গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউটের ছাত্ররা মঙ্গলবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। রাত ৮টা থেকে সোয়া একঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার হলে নাজেহাল হওয়ার প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে সাতমসজিদ সড়কের গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউটের ছাত্ররা মঙ্গলবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। রাত ৮টা থেকে সোয়া একঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক লিটন হায়দার জানান, ইনস্টিটিউটের ছাত্ররা রাত ৮টার দিকে রাস্তায় নামে। তারা সাতমসজিদ রোডের ওপর আগুন জ্বেলে স্লোগান দেয়। পরে কারিগরি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হলে অবরোধ তুলে নেয় ছাত্ররা। ইনস্টিটিউটের ছাত্র কাজী মো. নজীবুল হক জানান, তেজগাঁও সিরামিক্স ইনস্টিটিউটে মঙ্গলবার সকালে তাদের চতুর্থ পর্ব সেমিস্টার পরীক্ষা ছিল। ওই ইনস্টিটিউটের ছাত্ররাও তাদের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়। তিনি অভিযোগ করেন, সিরামিক্স ইনস্টিটিউটের ছাত্ররা নকল করলেও সেখানকার শিক্ষকরা কিছু বলছিলেন না। অথচ গ্রাফিক্স আর্টের ছাত্ররা সামান্য মাথা ঘুরালেই তাদের খাতা কেড়ে নেওয়া হচ্ছিল। এক পর্যায়ে পান্থ নামে একজনের খাতা কেড়ে হলে তিনি প্রতিবাদ করেন। হল পরিদর্শক তাকে বকাঝকা করলে গ্রাফিক্সের ছাত্ররা একযোগে খাতা জমা দিয়ে দেয়। নজীবুল হকের অভিযোগ, খাতা জমা দেওয়ার পরও সিরামিক্স ইনস্টিটিউটের কিছু ছাত্র ও শিক্ষক হল থেকে তাদের বের হতে দেননি। একপর্যায়ে দু'প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হাতহাতি হয়। এরপর সিনিয়র শিক্ষকদের মধ্যস্থতায় তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের একটি বাসে গ্রাফিক্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসে। ঘটনার প্রতিবাদে সন্ধ্যার দিকে গ্রাফিক্স ইনস্টিউটের ভেতরে বিক্ষোভ শুরু করে ছাত্ররা। পরে ইনস্টিটিউটের সামনে সাতমসজিদ সড়কে মিছিল শুরু করে তারা। ঘটনার বিচার ও পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবি জানায় ছাত্ররা। ছাত্রদের শান্ত করতে রাত ৯টার দিকে অধ্যক্ষ ইজ্জত আরা বেগমকে নিয়ে ঘটনাস্থলে যান কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের প্রধান মো. মুজাহিদ আলী। তিনি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করার কথা জানালে ছাত্ররা বিক্ষোভ বন্ধ করে রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। এরপরই ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল মান্নান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২১৪০ ঘ.