ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান (এসআই খান) পদত্যাগ করেছেন। মেয়াদ শেষ হওয়ার এক বছর সাত মাস আগেই পদ ছাড়লেন তিনি।
বৃহস্পতিবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন আগে ব্যক্তিগত কারণে আমি পদত্যাগপত্র দিয়েছিলাম। মন্ত্রণালয় আমার পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়টি জানিয়েছে।
তিনি বলেন, "আমি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করি। উপাচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণা চালাতে আমার সমস্যা হচ্ছিল। তাই পদত্যাগপত্র দিয়েছিলাম। তখন মন্ত্রণালয় থেকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হয়। কিন্তু আমি পদত্যাগপত্র প্রত্যাহার না করায় মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জানানো হয়েছে।"
সিরাজুল ইসলাম জানান, আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে উপাচার্যের পদ থেকে বিদায় নেবেন তিনি।
২০০৬ সালের ৬ ফেব্র"য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের এই শিক্ষককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমকে/জেকে/এমএইচবি/২২৪৫ ঘ.
bdnews24