ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিদ্যালয়গুলো হল, রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, খুলনা জিলা স্কুল ও বরিশাল জিলা স্কুল।
এসব বিদ্যালয়ে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় ৮০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের 'ঢাকা মহানগরীতে পাঁচটি ও অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে মোট ১০টি নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণি চালুকরণের লক্ষ্যে অবকাঠামোগত সুযোগ-সুবিধাদি বৃদ্ধি' শীর্ষক প্রকল্পের আওতায় কার্যক্রমটি চালু হচ্ছে।
২৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে।
আগামী বছর থেকে সিলেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
এর আগে গত বছর রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে একাদশ শ্রেণি চালু করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানে পাঠদানের জন্য বিসিএস শিক্ষা ক্যাডার থেকে কনিষ্ঠ কর্মকর্তাকে পদায়ন করাসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে থেকে বাছাই করে শিক্ষক নির্বাচন করা হবে।
গত ৭ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছিলেন, "উচ্চ মাধ্যমিকে ভর্তি সঙ্কট নিসরণের লক্ষ্যে দেশের ভাল স্কুলগুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। এ বছরই কিছু কিছু স্কুলে সেটি কার্যকর হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/১৮৩৪ ঘ.
bdnews24