২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ক শিক্ষককে বরখাস্তের দাবিতে জাবিতে মুখোশ মিছিল

যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মঙ্গলবার মুখোশ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মঙ্গলবার মুখোশ মিছিল করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অমর একুশের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ফজিলাতুন্নেসা হলের সামনে গিয়ে শেষ হয়। নানা রঙের মুখোশ পরে শতাধিক শিক্ষার্থী প্রতিবাদী ওই মিছিলে অংশ নেয়। মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনকে স্থায়ীভাবে বরখাস্ত এবং যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের দাবি জানায়। এ দাবিতে বুধবার সমাজবিজ্ঞান ভবনে সংহতি সমাবেশ হবে বলেও সমাবেশে ঘোষণা দেওয়া হয়। গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী আলাদাভাবে উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করে। পরে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা ৪ মে থেকে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জন ঘোষণা করে। 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে প্রতিবাদ মিছিল-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছে। অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনকে অস্থায়ীভাবে বরখাস্ত করেছে প্রশাসন। ঘটনা তদন্তে একটি কমিটি এখন কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১১ ঘ.