ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আন্দোলনের মুখে ৩৮ দিন বন্ধ থাকার পর খুললেও শিক্ষার্থীরা আবার ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়ায় আবারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্ররা।
গত ৩ জুন সাত দফা দাবিতে ছাত্রদের ভাংচুরের পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। গত ১৪ই জুলাই বিশ্ববিদ্যালয় খুলেছিল।
ছাত্রদের নতুন পাঁচ দফা দাবিগুলো হল- যথাযথ কারণ ছাড়া ৩৮ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কারণ ব্যাখ্যা করা, শাস্তিপ্রাপ্ত সব ছাত্রদের শাস্তি মওকুফ, এম এস কোর্সের ভর্তি আইন সংশোধন, 'অবৈধ' পোষ্য কোঠায় ভর্তিকৃত শিক্ষকদের ছেলেমেয়েদের ভর্তি বাতিল এবং আগের সাত দফা দাবির বাস্তবায়ন।
এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ক্লাশ ও পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসকে/১৬০১ঘ.
bdnews24