জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য ৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে লাঠি মিছিল শেষে উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে এ সময়সীমা বেঁধে দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৯ জুন শিক্ষক ছানোয়ার হোসেনকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত কমিটি এখনও তাদের প্রতিবেদন দেয়নি।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কাজ প্রায় তিন মাস ধরে ঝুলিয়ে রাখার হয়েছে।
৫ আগস্টের মধ্যে তাকে স্থায়ীভাবে বরখাস্ত এবং পরবর্তী সিন্ডিকেট সভায় যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা ।
একই দাবিতে তারা মঙ্গলবার সমাজবিজ্ঞান ভবনে অভিভাবক সমাবেশ এবং বুধবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত সকল বিভাগের ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেছে।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা ৪ মে থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ ঘটনা তদন্তে প্রাথমিকভাবে 'সত্যাসত্য যাচাই কমিটি' এবং পরে 'অধিকতর সত্যাসত্য যাচাই কমিটি' গঠন করে।
উভয় কমিটির প্রতিবেদন পাওয়ার পর ২৯ জুন বিশেষ সিন্ডিকেট সভা করে অভিযুক্ত শিক্ষককে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একইসঙ্গে ঘটনা তদন্তে উপাচার্যকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। বর্তমানে তদন্ত কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24