২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে 'মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড' এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 12:13 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিকো ডটকম)- রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে 'মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড' এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার দুপুরে ফ্যাক্সযোগে এ স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। স্মারকলিপিতে 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদকে' অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা ও চিহ্নিত সব যুদ্ধাপরাধীর বিচারও দাবি করা হয়। সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জিন্নাহ আল মামুন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ১১ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জামাতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় গঠিত তথাকথিত 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' এর অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার তিন দিন পরেও সরকার দোষীদের গ্রেপ্তার বা শাস্তির ব্যবস্থা নেয়নি। এতে রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। স্বাধীনতার ৩৭ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় তারা এ ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড মনে করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০০ ঘ.